ঝড়ের ঝাপটামুক্ত মালোপাড়ার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঝড়ের ঝাপটা কাটিয়ে উঠল যশোরের কেশবপুরের মালোপাড়ার সেই মেয়েটি। প্রশাসনের হস্তক্ষেপে গতকাল বুধবার উচ্চমাধ্যমিকের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পেরেছে সে। এর আগে মাত্র ৮৭৫ টাকার জন্য তার পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।

মেয়েটি হাজি মোতালেব মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী। গত বছরের সেপ্টেম্বরের দিকে বখাটের উৎপাতে তার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত বছরের ৩০ নভেম্বর প্রথম আলোতে ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটির লেখাপড়া সচল হয়। গত শনিবার প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় মেয়েটি। কিন্তু বকেয়া ৮৭৫ টাকা দিতে না পারায় কলেজ কর্তৃপক্ষ গত সোমবার তাকে দ্বিতীয় পরীক্ষা দিতে দেয়নি। এ বিষয়ে গত মঙ্গলবার ‘মালোপাড়ার আলো আবার ঝড়ের ঝাপটায়’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।

মঙ্গলবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির প্রথম আলোকে বলেন, ‘নিউজের (সংবাদ) সত্যতা আছে। সোমবার সন্ধ্যায় আমি আমার কার্যালয়ে কলেজের অধ্যক্ষ রায়হানা সাদেকের সঙ্গে বৈঠক করেছি। মেয়েটি যাতে বিনা বেতনে ও কোনো পরীক্ষার ফি ছাড়াই লেখাপড়া চালিয়ে যেতে পারে, পরীক্ষায় অংশ নিতে পারে, সে ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’ ইউএনও বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে মেয়েটিকে লেখাপড়ার সব খরচ দেওয়া হবে। তার বাবাকে চার বান্ডিল টিন ও ১২ হাজার টাকা দেওয়া হবে।

গতকাল মেয়েটি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মেয়েটি প্রথম আলোকেবলল, ‘পরীক্ষা ভালো হয়েছে। লেখাপড়া চালানোর সুযোগ পেয়ে আমি খুশি।’

 মঙ্গলবার অধ্যক্ষ রায়হানা সাদেক বলেন, সোমবারের পরীক্ষাটি পরবর্তী সময়ে নিয়ে নেওয়া হবে।