
ভোর ছয়টা। হঠাৎ ঘন কালো মেঘে আকাশ যায় ছেয়ে। চৈত্র মাসে আষাঢ়ে মেঘের ডাক। একটু পর ঝোড়ো হাওয়া। সঙ্গে মুষলধারে বৃষ্টি। ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টির মধ্যে ভাষা প্রতিযোগে শিক্ষার্থীরা আসতে পারবে কি না, তা নিয়ে আয়োজকদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। তবে এক ঘণ্টা বাকি থাকতেই শিক্ষার্থীরা আসতে শুরু করে উৎসবস্থলে।
ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি কিছুই দমাতে পারেনি এই শিক্ষার্থীদের। কেউ এসেছে মা-বাবার হাত ধরে; কেউবা শিক্ষকের সঙ্গে দল বেঁধে। ১০টা বাজার আগেই উৎসবস্থল মুখর হয়ে উঠল ভাষা প্রতিযোগীদের আগমনে।
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জয়পুরহাট অঞ্চলের আঞ্চলিক উৎসব গতকাল বসেছিল জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে। জয়পুরহাট ছাড়াও বগুড়া, নওগাঁ ও গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১২ জন শিক্ষার্থী অংশ নেয় এই উৎসবে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয় ভাষা প্রতিযোগে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
বেলা ১১টায় জয়পুরহাট জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উঠিয়ে, বেলুন উড়িয়ে শুরু উৎসবের। অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী বক্তব্য শেষে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আবদুর রহিম। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশাদ আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার রশীদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণিকক্ষে ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় মজার অনুষ্ঠান প্রশ্নোত্তর ও বানান বীর পর্ব। নানা ধরনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসতে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রশ্নের জবাব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ, জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, ক্ষেতলাল এস এ কলেজের সহকারী অধ্যাপক সাধন কুমার সরকার, শ্রীনগর কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা। প্রশ্নোত্তর পর্বে ভালো ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে পুরস্কার হিসেবে বই জিতে নেয় অনেক শিক্ষার্থী।
একাত্তরের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডকে অপারেশন সার্চলাইট এবং ওই রাতকে কালরাত বলা হয় কেন? কবি জীবনানন্দ দাশের ‘হাজার বছর ধরিয়া হাঁটিয়া চলিয়াছি’ কাব্যে কবি হাজার বছর বলতে কী বোঝাতে চেয়েছেন? একেকজন শিক্ষক একই কবিতা ভিন্নভাবে ব্যাখ্যা করেন কেন?—এমন মজার সব প্রশ্ন ছিল শিক্ষকদের কাছে। মঞ্চে থাকা শিক্ষকেরাও মজা করে সাবলীল ভাষায় এসবের জবাব দেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে হয় বানান বীর প্রতিযোগিতা। এই পর্বে প্রথম হয় কালাই ওমর কিন্ডারগার্টেন একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম আহম্মেদ। প্রশ্নোত্তর ও বানান বীর পর্ব শেষে গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন শিল্পী সাজেদ ফাতেমী।
বিকেলে পরীক্ষার ফলাফলে ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে। ভাষা প্রতিযোগ উৎসবে সেরাদের সেরা নির্বাচিত হয় বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনিমা তানহা শ্রেয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক ও ভাষা প্রতিযোগ-২০১৭-এর সমন্বয়ক অরুণ বসু।