মৌলভীবাজার জেলা সদরে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র না থাকায় মৌলভীবাজার শহর ও শহরতলির ২১ হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।
এখানে বিদ্যুৎ আসে শ্রীমঙ্গল ও ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে। দুটি লাইনই গ্রাম, পাহাড় ও হাওর-বাঁওড়ের মধ্য দিয়ে এসেছে। এতে ঝড়বৃষ্টি হলেই লাইনের ওপর গাছপালা পড়ে এবং বজ্রপাতে ইনসুলেটর ফেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কয়েক দিন আগেও এ কারণে শহরে ১৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয় মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ ৩৩ কেভি (কিলোভোল্ট) গ্রিড উপকেন্দ্র থেকে। জেলা সদর থেকে শ্রীমঙ্গলের দূরত্ব ৩০ কিলোমিটার এবং ফেঞ্চুগঞ্জের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। মৌলভীবাজার-শ্রীমঙ্গল গ্রিড উপকেন্দ্র থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর বিকল্প হচ্ছে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ লাইন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনে সমস্যা হলে জেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে এ ব্যবস্থা।
পিডিবি মৌলভীবাজার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ঝড় ও বজ্রপাতের কারণে মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। কারণ, ওই দুই উপকেন্দ্রের সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ে। বজ্রপাতে বিদ্যুৎ লাইনের ইনসুলেটর ফেটে যায়। গাছপালা কেটে পরিষ্কার করা এবং ক্ষতিগ্রস্ত ইনসুলেটরের স্থান চিহ্নিত করতে অনেক সময় লেগে যায়। প্রায় পুরো লাইন পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এর মধ্যে বৃষ্টি থাকলে লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করতে দেরি হয়ে যায়।
এ বিষয়ে পিডিবি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জামশেদ আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মৌলভীবাজার শহরে গ্রিড সাবস্টেশন স্থাপন করা হলে ৮০ শতাংশ দুর্ভোগ কমে যাবে। তখন সরবরাহ লাইনের সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে না। গ্রিড সাবস্টেশন করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। গ্রিড সাবস্টেশনের জন্য ৩-৪ একর জায়গার প্রয়োজন। আগের জেলা প্রশাসক মহোদয় এ বিষয়ে পিজিসিবির নির্বাহী প্রকৌশলীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। গ্রিড সাবস্টেশনের কাজ প্রক্রিয়াধীন আছে।’