নোয়াখালীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজের টিনশেড ঘরের ছাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বজ্রপাতে সুবর্ণচরে এক ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে চাটখিল, বেগমগঞ্জ, সদর ও সুবর্ণচর উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়। এতে উঠতি বোরো ও রবি ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
অনেকে শিলাবৃষ্টির স্থিরচিত্র ও ভিডিওচিত্র তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সদর উপজেলার অশ্বদিয়া এলাকার বাসিন্দা কাজল চৌধুরী ফেসবুকে শিলাবৃষ্টির একটি ভিডিওচিত্র পোস্ট করে লিখেছেন, তিনি তাঁর জীবনে কখনো এত শিলাবৃষ্টি হতে দেখেননি।
আবহাওয়া অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে প্রায় দুই ঘণ্টায় নোয়াখালীতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক প্রণব ভট্টাচার্য বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শিলাবৃষ্টিতে বোরো ধান ও রবি ফসল, বিশেষ করে তরমুজের ক্ষতি হতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির তথ্য জানানোর জন্য উপজেলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম মিয়া জানান, বেলা দুইটার দিকে ঝড়ের সময় ইউনিয়নের চরজব্বর গ্রামে মো. সেলিম (৪০) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন। তিনি জানান, এ ছাড়া ঝড়ে তরমুজ, সয়াবিনসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ে সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজের টিনশেড ঘরের ছালের আংশিক ক্ষতি হয়েছে। কলেজের উপাধ্যক্ষ গিয়াস উদ্দিন জানান, ছাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরের ভেতরে থাকা স্কাউটসদের কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি হয়েছে।