টংঘর তোলার কথা, উঠছে পাকা ঘর
পেছনে উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়, সামনে পাকা সড়ক। মাঝের মাত্র ১৫-১৬ ফুট জায়গায় টংদোকান করার কথা বলে এক বছরের জন্য জমি ইজারা নিয়েছিলেন দুই ব্যবসায়ী। এখন সেখানে টংদোকানের বদলে তাঁরা পাকা ঘর তুলছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে আপত্তি জানালেও নির্মাণকাজ বন্ধ হয়নি। পাকা ঘর তোলার কারণে আড়াল হয়ে যাচ্ছে কৃষি বিভাগের কার্যালয়টি। সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ-আড়পাড়া ভায়া কোলা সড়কের পাশেই কোলাবাজারে রয়েছে কোলা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়। এই কার্যালয়ের দক্ষিণে আছে কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, আর উত্তরে পাকা সড়ক। মাঝে মাত্র ১৫-১৬ ফুট খালি জায়গা। যে জায়গায় আগে থেকেই উল্লা গ্রামের বাবর আলী মোল্লা ও কাবিলপুর গ্রামের অশোক চক্রবর্তী টংদোকান দিয়ে আসছিলেন। দোকানের পেছনে কিছুটা খালি জায়গা পড়ে ছিল। কৃষি কার্যালয়ে নানা প্রয়োজনে আসা কৃষকেরা সে জায়গায় দাঁড়িয়ে তাঁদের কাজ সারতেন। বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন জানান, দুই সপ্তাহ আগে হঠাৎ বাবর আলী ও অশোক চক্রবর্তী টংদোকান সরিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। ইতিমধ্যে কাজ প্রায় শেষের পথে। বাজারের অনেকেই তাঁদের দুজনের কাছে জানতে চেয়েছেন সরকারি জায়গায় কীভাবে পাকা ঘর নির্মাণ করছেন। এ সময় তাঁরা ভূমি কার্যালয় থেকে জমি ইজারা নিয়েছেন বলে জানিয়েছেন। কোলা ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। পাশাপাশি কৃষি কর্মকর্তার নির্দেশে সরেজমিনে খোঁজখবর নিয়েছেন। ওই দুই ব্যবসায়ী তাঁকে ইজারার কাগজপত্র দেখিয়েছেন। তিনি উপজেলা ভূমি কার্যালয়ে বিষয়টির খোঁজ নিতে যান এবং জানতে পারেন, ওই জায়গায় টংঘর বসিয়ে ব্যবহারের জন্য এক বছর মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। সেখানে পাকা ঘর করার কোনো সুযোগ নেই।উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান জানান, সামনে কৃষকদের কৃষি ভর্তুকি, বিনা মূল্যে সার বিতরণ, তেলের দাম দেওয়াসহ নানা কর্মকাণ্ড চলবে। কার্যালয়ের সামনে একটু খালি জায়গা থাকলে ভালো হয়। নয়তো কৃষকেরা এসে দাঁড়ানোর জায়গা পাবেন না। টংঘরের কথা বলে পাকা ঘর নির্মাণ করা প্রসঙ্গে অশোক চক্রবর্তী বলেন, ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের অনুমতি নিয়ে তাঁরা এ কাজ করছেন। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান জানান, নির্মাণাধীন ঘরের জন্য কৃষি বিভাগের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার পরও তিনি বিষয়টির খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন।