টক শোতে রুচির দীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমান
সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমান

এবার টক শোতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রতি চড়াও হলেন সাংসদ শামীম ওসমান। একাত্তর টেলিভিশনের লাইভ টক শো ‘একাত্তর সংযোগে’ আইভীর ব্যক্তিজীবন এবং পরিবারকেও আক্রমণ করেন শামীম ওসমান। এমনকি
নজিরবিহীনভাবে অনুষ্ঠান চলাকালেও শামীম ওসমান আইভীকে নিয়ে একা একাই আপত্তিকর কথা বলেছেন।
গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে এই টক শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরু থেকেই শামীম ওসমান ও আইভীর মধ্যে উত্তেজিত বাক্যবিনিময় হয়। অনুষ্ঠানের মাঝবিরতি এবং শেষে উত্তেজনা আরও বাড়ে। সরাসরি এটা দর্শকেরা দেখতে না পেলেও অন্য আলোচক, সঞ্চালক, ক্যামেরাকর্মীরা তা দেখেন। জানা গেছে, অনুষ্ঠান শেষে আইভীর দিকে শামীম ওসমান তেড়ে যান, নারায়ণগঞ্জে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। আইভীও পাল্টা চ্যালেঞ্জ দেন শামীম ওসমানকে।
টক শোর যে অংশটি সরাসরি প্রচারিত হয়েছে, এর একটি ভিডিও ক্লিপ ইউটিউবে দেখা যাচ্ছে। এই ক্লিপ ৩৩ মিনিট ৩৫ সেকেন্ডের। মাঝবিরতি ও অনুষ্ঠান শেষের অবস্থার বর্ণনা পাওয়া যায় ওই টক শোর অন্য আলোচক, সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে।
প্রথম বিরতির আগ পর্যন্ত শামীম ওসমান ও আইভীই ছিলেন অতিথি। সঞ্চালক একাত্তর টিভির হেড অব আউটপুট শাকিল আহমেদ। বিরতির পর যোগ দেন গোলাম মোর্তোজা।
পরে গোলাম মোর্তোজা তাঁর ফেসবুক পাতায় এ বিষয়ে লেখেন, ‘বেশ কয়েকবার শামীম-আইভী বিরতিতে যেভাবে উত্তেজিত বাক্যবিনিময় করেছেন, শামীম ওসমান আইভীকে প্রায় আক্রমণ করতে উদ্যত হয়েছেন, তাতে স্টুডিওতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। শামীম ওসমান আইভীকে বলেছেন, তুই নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি...। আইভী বলেন, চল নারায়ণগঞ্জে...কী করবি?’
মোর্তোজা লেখেন, শামীম ওসমানের কৌশল থাকে অন্যকে উত্তেজিত করে দেওয়া। বিরতিসহ অনুষ্ঠানের পুরো সময় তিনি এই কৌশল প্রয়োগ করে গেছেন। বিরতির সময়েও আইভীর চরিত্র নিয়ে একনাগাড়ে কথা বলে গেছেন তিনি। আমাকে নিয়েও কথা বলেছেন। সেলিনা হায়াৎ আইভী এই ফাঁদে পা দিয়েছেন। উত্তেজিত হয়ে পড়েছেন। শামীম ওসমান এটাই চেয়েছিলেন।
মোর্তোজা আরও লেখেন, ‘অনুষ্ঠান শেষে কিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তিনি (শামীম) মারতে ছুটে যাচ্ছিলেন। তাঁকে ধরে ঠেকানো হয়। বিরতিতে আমার ওপর যেভাবে ক্ষিপ্ততা দেখিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে যে কারোরই ভয় পাওয়ার কথা।
সরাসরি অনুষ্ঠানে আইভী যে নারায়ণগঞ্জের গডফাদারের কথা বলে থাকেন, সেটা খোলাসা করার জন্য শুরুতে সঞ্চালক আইভীকে কথা বলার সুযোগ দেন। এ সময় আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার একজনই, তিনি এ কে এম শামীম ওসমান। তাঁর সৃষ্টি আরও কিছু গডফাদার। এটা সত্যি, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা র‌্যাব দ্বারা সংঘটিত হয়েছে। র‌্যাবের কর্মকর্তারা স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু এর পেছনে কারা? কী কারণে নজরুলকে হত্যা করা হলো? কার সঙ্গে নজরুলের দ্বন্দ্ব ছিল? নজরুল কে, নূর হোসেন কে?—এসব নানা প্রশ্ন তোলেন আইভী।
আইভীকে বলতে শোনা যায়, ‘এই যে র‌্যাব দ্বারা সংঘটিত হলো। র‌্যাবের সঙ্গে তো নজরুলের সম্পর্ক ছিল না। তাহলে র‌্যাবকে কে ব্যবহার করল? তার পেছনে কে?’ তিনি আরও বলেন, ‘সাত খুনের পর শামীম ওসমান বক্তব্য দিলেন, নূর হোসেনই এতে জড়িত। পরদিনই আবার তিনি টেলিফোনে বলেছেন, তুমি চলে যাও, গৌরদার সঙ্গে দেখা করো। তাহলে, গডফাদার বলাটা তো ভুল হয়নি। প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত কথাটিও ভুল হয়নি। আমি এখনো সেখান থেকে নড়িনি। হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে র‌্যাব। র‌্যাবকে জোগানদাতা কে?’
শামীম ওসমান এর জবাবে আইভীকে দুর্নীতিগ্রস্ত নারী, দুর্নীতির নায়িকা বলে সম্বোধন করেন। আইভীর পরিবার, তাঁর সংস্কৃতি ও রুচিবোধের প্রশ্ন তোলেন। একপর্যায়ে শামীম ওসমানকে বিষয়ের ওপর আলোচনা করতে তাগাদা দেওয়া হয়। এতে শামীম ওসমান খেপে গিয়ে বলেন, ‘আপনারা বলে আনছেন এক গেস্টের নামে। আনছেন আরেক গেস্ট। কথাও শেষ করতে দেবেন না। এটা তো সমস্যা।’
এরপর আইভী সঞ্চালকের কাছে জানতে চান, এখানে তাঁর উপস্থিতির কথা শামীমের কাছে গোপন করা হয়েছে কি না। একপর্যায়ে আইভী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ান। তখন শামীম ওসমান আইভীকে বেয়াদব বলেন। তাঁকে চুপ থাকতে বলেন। জবাবে আইভীও শামীম ওসমানকে বেয়াদব বলেন। এরপর পুরো অনুষ্ঠানেই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অনুষ্ঠানের মাঝের বিরতিতেও শামীম ওসমান চড়াও হন বলে জানা গেছে।
এ নিয়ে আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কথা বলবেন না বলে জানান। আর শামীম ওসমানকে ফোন করলে তিনি ধরেননি, খুদে বার্তারও জবাব দেননি।
এ বিষয়ে অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোকে বলেন, আগের দিন শামীম ওসমানই একাত্তর জার্নালে ফোন করে আইভী ও গোলাম মোর্তোজাকে নিয়ে মুখোমুখি আলোচনার প্রস্তাব করেছিলেন। সে অনুযায়ী শামীম ওসমানকে দাওয়াত দেওয়া হয়। এরপর আইভীকে রাজি করানোর পর সেটি শামীম ওসমানকে জানানো যায়নি। কারণ, তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি মাইগ্রেনের ব্যথার কারণে কথা বলতে পারেননি। পরে অনুষ্ঠান শুরুর আগে শামীম ওসমান একাত্তর কার্যালয়ে এলে তাঁকে আইভীর অংশ নেওয়ার কথা জানানো হয়। তিনি এতে অংশ নেওয়ার সম্মতি দেন।
মাঝবিরতি ও অনুষ্ঠান শেষে শামীম ওসমান ও আইভীর উত্তপ্ত বাক্যবিনিময় ও মারমুখী আচরণের বিষয়ে জানতে চাইলে শাকিল বলেন, দুজনই তাঁদের অতিথি। তাঁরা লাইভ অনুষ্ঠানে যা যা বলেছেন, সবই দর্শক দেখেছেন। তবে বিরতি বা অনুষ্ঠান শেষে কী হয়েছে, তা তাঁরা দর্শকদের জানাতে চান না।

সংশোধনী

‘টক শোতে রুচির দীনতা’ শীর্ষক প্রতিবেদনে ছাপা ও অনলাইন সংস্করণে ছবির ক্যাপশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভীর নাম ভুল করে ‘আইভী রহমান’ লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসামাত্র (বেলা সাড়ে ১১টায়) অনলাইনে তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।—বার্তা সম্পাদক