টক শোর আলোচকদের ভুল ধরা পার্টি বললেন হাছান মাহমুদ
টক শোর আলোচকদের ‘ভুল ধরা পার্টি’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বলাকা চত্বরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কিছু লোক আছেন তাঁরা ফকিরকে এক টাকাও দেন না। রাত ১২টার পর সরব হন। সরকারের ভুল ধরেন। এঁরা ভুল ধরা পার্টি। এঁরা বাংলাদেশের অগ্রগতি দেখেন না। এ জন্য রাত ১২টার পর মাথা গরম করে কথা বলেন। তবে আমি সবার কথা বলছি না। কেউ কেউ ভালো কথাও বলেন।’
‘মাঝপথে হাঁটা বন্ধ করুন’: আলোচনার কথা বলায় কয়েকজন বুদ্ধিজীবীর প্রতি ক্ষোভ প্রকাশ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আপনারা মাঝপথে হাঁটা বন্ধ করুন।’ গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আলোচনার কথা বলেন, দুই নেত্রীকে প্যারালাল করার চেষ্টা করেন। আলোচনার আলোও তো দেশে নাই।’ তিনি বলেন, ‘বিএনপি আজকে দেশে সন্ত্রাস চালাচ্ছে, সাধারণ মানুষ মারছে। কই ওই সব মানবাধিকার সংগঠন (হিউম্যান রাইটস ওয়াচ)। বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মরলে আপনাদের মায়া হয় আর সাধারণ মানুষের প্রতি আপনাদের কোনো মায়া নেই।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ।