টক শোর আলোচকদের কথায় বিভ্রান্ত হবেন না: লতিফ সিদ্দিকী
টেলিভিশনের টক শোতে যাঁরা ৫ জানুয়ারির নির্বাচনকে তামাশার নির্বাচন বলে আখ্যায়িত করেন, তাঁদের কথায় বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আজ বুধবার বিকেলে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরিফ খান জয়কে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
লতিফ সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন চ্যানেলের টক শোতে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা ৫ জানুয়ারির নির্বাচনকে তামাশার নির্বাচন বলে থাকেন। তাঁদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে দেশের উন্নয়ন করবে। ৪৩ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘মানবতাবিরোধীদের বিচার বানচাল করতে দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি ও জামায়াত-শিবির দেশে অরাজকতা চালাচ্ছে। হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। দেশের মানুষ এদের হাতে নিরাপদ নয়।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান ওই জনসভায় সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, আরিফ খান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, নজরুল ইসলাম খান, হাবিবা রহমান খান, ফয়সাল আহমেদ প্রমুখ।