টগবগে তরুণ আজ নিস্তেজ
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিকম দ্বিতীয় বিভাগে পাস করেন তিনি। লেখাপড়ার পাশাপাশি ঠিকাদারি শুরু করেন, কিন্তু মাদকের ছোবলে লেখাপড়া-ঠিকাদারি ওখানেই শেষ। শহরে বাবার নাম-ডাক ছিল। ছেলের মাদকাসক্তের কষ্ট সহ্য হয়নি তাঁর। শোকে-দুঃখে ও রোগে একদিন তিনিও চলে যান চিরতরে।বাড়তে থাকে মায়ের দুঃখ-কষ্ট। সর্বনাশা মাদক ছেলের জীবন ও পরিবারের স্বপ্ন তছনছ করে ছিয়েছে। এখন তিনি কথা বলেন অসংলগ্ন। অধিকাংশ সময় থাকেন চুপচাপ। মা তাঁকে ডাকলেও কর্ণপাত করেন না।মাদকাসক্ত ওই ব্যক্তি বলেন, ‘চাঁদপুর কলেজে পড়ার সময় বন্ধুদের পাল্লায় পড়ে মাঝেমধ্যে গাঁজা টানি। ১৯৯৮ সালে আসক্ত হয়ে পড়ি ফেনসিডিলে, তারপর হেরোইন। লেখাপড়া-ঠিকাদারি আর এগোয়নি। নিয়মিত মাদক সেবন করতে না পারলে শরীর বিপর্যস্ত হয়ে পড়ে।’তাঁর বড় ভাই ইনস্যুরেন্স কর্মকর্তা। তিনি জানান, বড় দুই ভাই ব্যবসা করেন। মা কয়েক বছর আগে হজ করে এসেছেন। শহরে আছে মার্কেটসহ বেশ কিছু দোকানপাট। সুখের সংসারই ছিল তাঁদের। কিন্তু সবার আদরের ছোট ভাইয়ের ছন্নছাড়া জীবন দেখলে বুকটা ফেটে যায়। চট্টগ্রাম ও ঢাকায় মাদক নিরাময়কেন্দ্রে দেওয়া হয় তাঁকে। সেখান থেকে এসে ফের নেশা শুরু করেন।মাদকাসক্ত হয়ে ওই তরুণের মতো রায়পুর উপজেলার শতাধিক মেধাবীর জীবন নষ্ট হয়ে গেছে। পরিবারগুলোর যত ক্ষোভ প্রশাসনের ওপর, সরকারের ওপর ও দেশের নীতিনির্ধারকদের ওপর।রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ সফিক উদ্দিন বলেন, মাদকের সহজলভ্যতার কারণে অসংখ্য মেধাবী ছেলে ও গুণী পরিবার আজ বিপর্যস্ত। সমাজে মহামারির মতো ছড়িয়ে পড়ছে মাদক। এত মাদক আসে কোত্থেকে? কারা আনে? কেন তাদের প্রতিরোধ করা হয় না?লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজব্যবস্থার জন্য রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গীকার প্রয়োজন। সমাজের রাজনৈতিক নেতৃত্বকে প্রথমে মাদকমুক্ত হতে হবে।রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘মাদকের কারণে যুবসমাজের একটি বড় অংশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আর কত রুবেলের জীবন নষ্ট হয়ে যাবে? মানসিকভাবে কষ্ট পাই, যখন দেখি জনপ্রতিনিধিরা মাদক সেবন করেন।’সীমান্ত পেরিয়ে নতুন রুটে মাদক: মাদক চোরাচালানিরা কুমিলা, চৌদ্দগ্রাম, বিবিরহাট, কসবা, ফেনীসহ সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় মদ, বার্মিজ মদ, হেরোইন ও গাঁজা মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের মাধ্যমে রায়পুর আনে। এখান থেকে চাঁদপুর হয়ে নৌপথ ও সড়কপথে দেশের অন্য জেলাগুলোয় পাচার করা হয়। এসব মাদকের একটি অংশ রায়পুর উপজেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে কেনাবেচা হয়।প্রতিদিন সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা বাজারে হেঁটে প্যান্ট বা শার্টের ভেতরে রেখে মুঠোফোনের মাধ্যমে ফেনসিডিল, ইয়াবা, বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করছে। মাদক সেবন করে অনেকেই আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০০০ সালের নভেম্বর মাসে রায়পুরে বিষাক্ত মাদক সেবন করে পাঁচ ব্যক্তি ও ১৯৯৮ সালে বিষাক্ত মাদক সেবনে তিন ব্যক্তি মারা যায়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, মাদক বিক্রেতাদের ধরতে প্রতিদিন সন্ধ্যা থেকে একদল পুলিশ টহল দিচ্ছে। গত দুই মাসে রায়পুর থানায় মাদকের ১৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয় ৩০ জন বিক্রেতা ও সেবনকারীকে। সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।