টঙ্গিবাড়ীতে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া মান্নান খান ও তাঁর ভাই মিজানুর রহমান খানের সন্ধান গত চার দিনেও মেলেনি। গত বুধবার সকালে তাঁরা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ওই দিনই তাঁদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার পর দিঘিরপাড়ের সড়ক থেকে মান্নান খানকে সাদাপোশাকধারী লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। একই দিন দুপুরে মুন্সিগঞ্জের আদালত থেকে বাইরে আসার পর মিজানুরকে একই বাহিনী তুলে নিয়ে যায়।
মান্নানের স্ত্রী রুসি বেগম অভিযোগ করেন, ডিবি পুলিশ ও র্যাবের কাছে খোঁজ করেও তাঁর স্বামী ও দেবরকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নুরু খানের ছেলে মান্নান ও মিজানুর এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু তারা এখনো মামলা দিতে আসেনি।’