টঙ্গিবাড়ীতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় গতকাল বুধবার টঙ্গিবাড়ী থানায় পৃথক ছয়টি মামলা করা হয়েছে। পুলিশ সুমন খান, সেলিম শিকদার ও আকবর শিকদার নামের তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেতকা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে কর্মিসভা আহ্বান করা হয়। রাত আটটার দিকে কর্মিসভা শুরু হলে বেতকা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী রিগেন শিকদার এবং অপর সভাপতি পদপ্রার্থী বাবু খানের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ১৫-২০টির মতো ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ বেতকা থেকে বেতকা চৌরাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় চৌরাস্তায় চার-পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এঁদের মধ্যে হুমায়ুন শিকদার, সুমন খান, আনিস খান, কাউসার খান ও লিটন খানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ ও গোলাগুলির ব্যাপারে রিগেন শিকদার ও বাবু খানের বক্তব্য পাওয়া যায়নি। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন জানান, বেতকা ইউনিয়নে যুবদলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের পেছনে যতটা না রাজনৈতিক কারণ জড়িত, তার চেয়ে বেশি খান ও শিকদার বংশের বিরোধ জড়িত। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বেতকা বাজারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।