টঙ্গিবাড়ীতে সরকারি রাস্তার চারটি গাছ বিক্রি বিদ্যালয় কর্তৃপক্ষের
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বলই-হজরত ফজু শাহ সড়কের পাশের পুরোনো চারটি কড়ইগাছ কেটে বিক্রি করেছেন স্থানীয় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ বিদ্যালয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জগলুল হালদারের নির্দেশে প্রধান শিক্ষক এ কাজ করেন৷
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ১৫ দিন ধরে বিদ্যালয় থেকে ৩০০ গজ দূরে অবস্থিত সড়কটির পাশের চারটি গাছ কাটা হচ্ছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় তিন লাখ টাকায় স্থানীয় কাঠ ব্যবসায়ী টিটু মাদবরের কাছে গাছগুলো বিক্রি করেছেন৷ বিদ্যালয় কমিটি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি জগলুল হালদারের যোগসাজশে প্রধান শিক্ষক এ কাজ করেছেন৷ গাছগুলোর বাজারমূল্য কমপক্ষে আট লাখ টাকা হবে বলে স্থানীয় লোকজন দাবি করেন৷
প্রধান শিক্ষক মাকসুদুর রহমান বলেন, বিদ্যালয় কমিটির সভাপতির নির্দেশে তিনি গাছগুলো বিক্রি করেছেন৷
জগলুল হালদার অবশ্য বলেন, সড়কটি বিদ্যালয়ের জমির ওপর দিয়ে গেছে৷ তাই শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবন নির্মাণের কথা ভেবে গাছগুলো বিক্রি করা হয়েছে৷
এ ব্যাপারে জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাহের আলী বলেন, ‘সপ্তাহ খানেক আগে বিদ্যালয় কর্তৃপক্ষকে কোন আইনে গাছ কাটা হচ্ছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে৷ কিন্তু তারা কোনো জবাব না দেওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই৷’
ইউএনও নাসরিন পারভিন বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷