টঙ্গিবাড়ীতে জোড়াতালির সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন বেইলি সেতুর পাটাতনে অসংখ্য ফুটো ও জোড়াতালি  প্রথম আলো
টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন বেইলি সেতুর পাটাতনে অসংখ্য ফুটো ও জোড়াতালি প্রথম আলো

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন বেইলি সেতুটি অনেক পুরোনো হয়ে গেছে। কিছুদিন পরপর সরু সেতুর পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ থাকে। এরপর জোড়াতালি দিয়ে আবার সেতু ঠিক করা হয়।
জোড়াতালির ওই সেতুর স্থলে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় লোকজন জানান, ওই বেইলি সেতুর ওপর দিয়ে টঙ্গিবাড়ী উপজেলা থেকে ঢাকা ও মুন্সিগঞ্জে সদরে যেতে হয়। টঙ্গিবাড়ীসহ কয়েকটি এলাকার কমপক্ষে ১০ হাজার মানুষ প্রতিদিন ওই পথে যাতায়াত করেন। এর ওপর দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ সহস্রাধিক যানবাহন চলাচল করে। জরাজীর্ণ ও পুরোনো হওয়ায় মাঝেমধ্যে মালবাহী ট্রাক নিয়ে সেতুর পাটাতন ভেঙে পড়ে। একবার ভেঙে গেলে সেতু মেরামত করতে অন্তত এক দিন যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণে ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার সময় বাসযাত্রী ও চালক এবং ট্রাকচালকেরা আতঙ্কে থাকেন।
টঙ্গিবাড়ী বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাজীব পাল জানান, কয়েক দিন পরপর সেতুর পাটাতন ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বারবার জোড়াতালি দিয়ে কোনোমতে মেরামত করে সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। বেইলি সেতুজুড়েই তালি। তাই এলাকার মানুষ এই সেতুর নাম দিয়েছেন ‘তালির সেতু’।
বাসচালক মনির হোসেন জানান, জরাজীর্ণ হওয়ায় সেতুর ওপর দিয়ে বাস নিয়ে পার হওয়ার সময় আতঙ্কে থাকতে হয়। এই জন্য প্রায় প্রতিদিন সেতু এলাকায় যানজট লেগে থাকে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মুন্সিগঞ্জ কার্যালয় জানায়, ওই বেইলি সেতুটি ১৯৮৬ সালে সওজ নির্মাণ করে। এরপর বারবার ভেঙে পড়ায় জোড়াতালি দিয়েই যান চলাচলের উপযোগী করা হচ্ছে। সেতুর বর্তমান অবস্থা দেখে ৩ এপ্রিল সওজের মুন্সিগঞ্জ কার্যালয় বেইলি সেতুর স্থলে পাঁচ কোটি টাকা দিয়ে আরসিসি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে পাঠিয়েছে।
সওজের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম জানান, আর যাতে জোড়াতালি দিয়ে মেরামত করতে না হয়, সে জন্য বেইলি সেতুর স্থলে আরসিসি সেতু নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।