টঙ্গিবাড়ীতে দুটি সেতু ভেঙে রাখায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-সোনারং-বেতকা সড়কের আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতু ভাঙা অবস্থায় ফেলে রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ওই সেতু দুটির নির্মাণকাজ চলছে।
স্থানীয়রা জানান, সড়কের সোনারং এলাকার পুরোনো সেতুটি পাঁচ মাস আগে ভাঙা হয়। এর আধা কিলোমিটারের মধ্যে খিলপাড়া সেতুটি ভাঙা হয়েছে চার মাস আগে। বর্তমানে দুটি সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঠিকাদারেরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কাজ ফেলে রাখার প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন।
টঙ্গিবাড়ী উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, মেসার্স শাওন অ্যান্ড জাহান জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যৌথভাবে কাজটি করছেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ওরফে ভুতু, সহসভাপতি বাচ্চু মাঝি, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল খান ও সোনারং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন।
দুটি সেতুই ২৩ মিটার দীর্ঘ ও ছয় মিটার প্রস্থের। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮৫ লাখ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রে নয় মাসের মধ্যে সেতু দুটির নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। সে হিসেবে আগামী নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কেবল সোনারং সেতুর পাইলিং করেছে। খিলপাড়া সেতুটি ভাঙা অবস্থায় ফেলে রাখা হয়েছে। সোনারং গ্রামের অটোরিকশাচালক রফিকুল ইসলাম বলেন, প্রায় ছয় মাস আগে সোনারং সেতুটি ভাঙা হয়েছে। পাইলিং করার পর এক মাস পেরিয়ে গেলেও কাজ বন্ধ রাখা হয়েছে। পাশে চলাচলের জন্য রাখা অস্থায়ীভাবে নির্মিত বিকল্প সড়কটির অবস্থাও ঝুঁকিপূর্ণ।
খিলপাড়া এলাকার জাকির হোসেন জানান, ‘একই ঠিকাদার গ্রুপ দুটি সেতুর কাজ পেয়েছে। সোনারংয়ের সেতুর কাজই তারা কোনো কিনারা করতে পারছে না। এমন অবস্থায় খিলপাড়ার সেতুটি ভেঙে ফেলা হয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ আরও তীব্র হয়েছে। এর চেয়ে আমাদের আগের সেতুই ভালো ছিল।’
অটোরিকশাচালকেরা অভিযোগ করেন, বিকল্প সড়কটিতে বড় বড় গর্ত থাকায় সেগুলো মেরামত করতে ঠিকাদারের লোকজন গাড়িচালকদের কাছ থেকে ২০ থেকে ৩০ টাকা করে চাঁদা তুলছেন।
স্থানীয়রা জানান, মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক বিএনপি নেতা আবুল হোসেন। আওয়ামী লীগের নেতারা আবুল হোসেনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন।
আবুল হোসেন বলেন, সেতু দুটি ভাঙার কাজে বেশি সময় চলে গেছে। কাজের সময় শেষ হয়ে গেলে আবারও সময় বাড়ানো হবে। এতে কোনো সমস্যা হবে না। তবে জনগণের দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মাঝি বলেন, সেতুর নকশা পরিবর্তন করার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প সড়কটি সংস্কারের কথা বলে চাঁদা আদায়ের বিষয়টি সঠিক নয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবেল খান বলেন, তাঁদের এই কাজের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদারও রয়েছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, আগের নকশায় একটু সমস্যা হয়েছিল। এখন সেটা সংশোধন করা হয়েছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সেতু দুটির নির্মাণকাজ শেষ করার ব্যবস্থা করা হবে।