টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে নির্মাণাধীন সানোয়ারা হিমাগারে গত মঙ্গলবার আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন তিন নির্মাণশ্রমিক। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হিমাগার নির্মাণশ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সানোয়ারা হিমাগারটির নির্মাণকাজ ছিল শেষ পর্যায়ে। চলতি আলু মৌসুমের আলু সংরক্ষণের জন্য দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছিল শ্রমিকদের। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে হিমাগারের ভেতরে ঝালাইয়ের কাজ করতে গিয়ে আগুন ছুটে গিয়ে ককশিটের মধ্যে লাগে। এরপর তা আশপাশের ককশিটে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। সাড়ে ছয় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে হিমাগারটির ককশিট, কাঠের তৈরি মাচা, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে আটকা পড়ে আহত হন নির্মাণশ্রমিক সাখাওয়াত, জুয়েল ও দিদার হোসেন।টঙ্গিবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, অর্ধকোটি টাকার জিনিস পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আগুনে ব্যাপক ক্ষতি হলেও আমরা কয়েক কোটি টাকার যন্ত্রপাতি রক্ষা করতে পেরেছি।’