মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন পুরোনো বেইলি সেতুর স্থলে দ্রুত সম্ভব পাকা সেতু নির্মাণ করতে তাগিদ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ওই তাগিদ দেওয়া হয়। সেতুটি নিয়ে গতকাল প্রথম আলোয় ‘টঙ্গিবাড়ীতে জোড়াতালির সেতু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন পারভিন সেতুর বিষয়টি সভায় তুলে ধরেন। এরপর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম বেইলি সেতুর স্থানে নতুন পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানোর কথা জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারওয়ার মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, সিভিল সার্জন শরিফুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শাহনেওয়াজ, অন্য পাঁচ উপজেলার ইউএনওসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।