টঙ্গিবাড়ীতে বসতঘরে আগুন, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্বপাড়া এলাকায় গত শনিবার দিবাগত রাতে আগুন লেগে আবুল খায়ের নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে যায়। আগুন দেওয়ার অভিযোগে সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় মামলা করা হয়েছে।পুলিশ জানায়, জমি নিয়ে পূর্বপাড়ার আবুল খায়েরের সঙ্গে প্রতিবেশী শাহ আলমের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও করেছেন। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আবুল খায়েরের ঘরে আগুন লাগে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘর ও ঘরের আসবাব পুড়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস খালেক প্রথম আলোকে বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। অগ্নিকাণ্ডের পেছনে শাহ আলম মেম্বারের হাত রয়েছে বলে ধারণা করেই তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন আবুল খায়েরের স্ত্রী।