টঙ্গিবাড়ীর ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণের নির্দেশ যোগাযোগমন্ত্রীর
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন ক্ষতিগ্রস্ত বেইলি সেতু ভেঙে ১৫ দিনের মধ্যে নির্মাণের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময়ে জেলার সব ঝুঁকিপূর্ণ বেইলি সেতু মেরামতেরও নির্দেশ দেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত বেইলি সেতুটি পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের এই নির্দেশ দেন। এ সময় সওজের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা, মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও শিমুলিয়া দিয়ে নতুন ঘাট নির্মাণের কার্যক্রম পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে আলুবোঝাই একটি ট্রাক সেতুটি পার হচ্ছিল। এ সময় চাকাসহ একটি পাটাতন দেবে গিয়ে ট্রাকটি কাত হয়ে সেতুর রেলিংয়ের ওপর পড়ে। এতে রেলিংয়ের পাশে থাকা পথচারী আবুল কালাম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।