টঙ্গী আশুলিয়া ও রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনকাঠামো দ্রুত কার্যকর করার দাবিতে গতকাল বুধবার গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের দুই সদস্য ও এক শ্রমিক গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এদিকে টানা শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের জের ধরে ঢাকার সাভার ও আশুলিয়ার সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। বন্ধের নোটিশ দেখে গতকাল বিক্ষোভ করেন ওই সব কারখানার শ্রমিকেরা। এ ছাড়া গত অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টঙ্গী (গাজীপুর): টঙ্গীর পাগাড় এলাকার সার্ফ গার্মেন্টসের শ্রমিকেরা সকাল নয়টায় বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা যোগ দেন। এ সময় সার্ফ গার্মেন্টসসহ পাগাড় এলাকার অনন্ত ফেব্রিক্স লিমিটেড, হামদিল ফ্যাশন ওয়ার লিমিটেড ও শিশির নিটিং, পাশের আউচপাড়া ও দেওড়া এলাকার পার্ল প্রিন্স, ডাল নিটওয়ার, এসবি গার্মেন্টস ও সিনকি ফ্যাশন ওয়ার লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টায় পাগাড়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে ওহাব আলী নামের এক শ্রমিকের শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে কনস্টেবল শাহিনুর ও বাদশা ফাহাদ একটু এগিয়ে গিয়েছিলেন। এ সময় সহকর্মীদের ছোড়া রাবার বুলেটে তাঁরা বিদ্ধ হন। ঘটনার পরপরই শাহিনুর, ফাহাদ ও ওহাবকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার: মঙ্গলবার রাতে আশুলিয়া ও সাভারের সাতটি কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়। কারখানাগুলো হচ্ছে আশুলিয়ার জামগড়ার গ্রিন লাইফ ও দ্য রোজ ড্রেসেস, কাঠগড়া এলাকার মাসকাট, সাউদার্ন ও রেডিয়েন্স, শিমুলতলার সাম অ্যাটাক এবং সাভারের হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড গ্রুপ।
গতকাল সকালে বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় নিশ্চিন্তপুরের অনন্ত গ্রুপসহ কাঠগড়া ও পুকুরপাড় এলাকার অন্তত ২০টি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাসায় চলে যান।
নারায়ণগঞ্জ: গত মাসের বেতন পরিশোধের দাবিতে গতকাল বেলা দুইটার দিকে রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হারবেস্ট রিচ পোশাক কারখানার শ্রমিকেরা। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। কারখানার ব্যবস্থাপক সেলিম মিয়া জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের চেষ্টা চলছে।