টঙ্গী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের চাপায় মিজান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে গতকাল বেলা ১১টার দিকে এরশাদনগরে একটি বাসের চাপায় এক পথচারী মারা গেছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ উপজেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। টঙ্গীতে দুজন নিহত: মিজান এরশাদনগরের ২ নম্বর কলোনির বাসিন্দা। তিনি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাসার জানান, রাত ১১টার দিকে তাঁর নেতৃত্বে একদল পুলিশ মিজানকে ধরতে এরশাদনগরে অভিযান চালায়। তিনি দৌড়ে পালানোর সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।এদিকে মিজানের মৃত্যুর খবরে তাঁর আত্মীয়স্বজন ও এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় মহাসড়কের চার-পাঁচটি বাস। রাত সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিল।খবর পেয়ে টঙ্গী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, গতকাল বেলা ১১টার দিকে টঙ্গীর এরশাদনগরে আলম এশিয়া পরিবহনের একটি বাস অজ্ঞাতনামা এক পথচারীকে (৫৫) চাপা দেয়। লোকজনকে এগিয়ে আসতে দেখে চালক বাস রেখেই পালিয়ে যান। এরপর ওই লোককে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।টঙ্গী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাত নয়টা পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।নারায়ণগঞ্জে তিনজন নিহত: রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্রী কায়িমা আক্তারকে (১৮) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কায়িমা নিহত হন।কায়িমা রূপগঞ্জের সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার মোহামঞ্চদ আলীর মেয়ে। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার আমিরজান কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী কাঞ্চন সেতু এলাকায় অবস্থান নিয়ে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (গাজীপুর-মদনপুর) সড়ক অবরোধ করে। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি বাস এক রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাযাত্রী ব্যবসায়ী মমিনুল ইসলামের (৩৫) মৃত্যু হয়। আহত হন হেলাল উদ্দিন ও হাবিব নামের আরও দুই ব্যবসায়ী। তাঁদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।অন্যদিকে গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় আবদুল লতিফ (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাইশাপুর গ্রামে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানিয়েছেন।