টঙ্গী ও ফতুল্লায় দুই শিশুকে ধর্ষণ
গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছর বয়সী দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। ফতুল্লায় ঘটনার পরপরই এলাকাবাসী ইউসুফ আলী (৪০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুটি ঘটনায় গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন শিশুদের বাবা-মা।
টঙ্গীর শিশুটির মা জানান, তাঁর মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। গত শুক্রবার মেয়েকে বাসায় রেখে তিনি স্বামীর সঙ্গে গ্রামের বাড়ি যান। এ সুযোগে প্রতিবেশী ভাঙারি ব্যবসায়ী মিন্টু (৪০) মেয়েটিকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে মিন্টু শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি চিৎকার শুরু করলে মিন্টু পালিয়ে যান। খবর পেয়ে তাঁরা গত সোমবার খুলনা থেকে ফিরে রাতেই টঙ্গী থানায় যান। এ ব্যাপারে মেয়েটির বাবা গতকাল মিন্টুর বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামিম হোসেন জানান, মিন্টু পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফতুল্লায় ধর্ষণের শিকার শিশুটির পোশাকশ্রমিক মা মামলার এজাহারে বলেন, সোমবার সকালে তিনি সাত বছর বয়সী এক মেয়েসহ তিন সন্তানকে ভাড়া বাসায় রেখে পোশাক কারখানায় কাজে যান। ওই দিন দুপুরে ‘মজা’ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার ইউসুফ আলী তাঁর অপর দুই সন্তানকে দোকানে পাঠান। পরে ইউসুফ তাঁদের ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করেন। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ইউসুফকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সন্ধ্যায় বাসায় ফিরে তিনি ঘটনা জানতে পারেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা গতকাল মামলা করেছেন। ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।