টঙ্গী ও মানিকগঞ্জে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকা থেকে নিখোঁজ এক যুবকের লাশ দুই দিন পর গতকাল সোমবার সকালে একটি ধানখেতে পাওয়া যায়। এদিকে টঙ্গীর দত্তপাড়ায় গত শনিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক যুবক গতকাল মারা গেছেন।

এ ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে আহত শাশুড়ি রোববার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মুদাফা এলাকার আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও দত্তপাড়ার মিজানুর রহমানের ছেলে হান্নান মাহমুদ (১৮) এবং মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের আবুল কালামের স্ত্রী নাজমা বেগম (৪০)।

নিহত জাহাঙ্গীরের পরিবার ও পুলিশ জানায়, জাহাঙ্গীর গত শনিবার মুদাফা এলাকার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা গত দুই দিন বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাননি। গতকাল সকালে এলাকাবাসী একটি ধানখেতে জাহাঙ্গীরের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী মডেল থানার এসআই আলমগীর গাজী বলেন, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে হত্যা করেছে। জাহাঙ্গীরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে দত্তপাড়ার হান্নান মাহমুদ পাশের এলাকায় ভগ্নিপতি হাবিবুর রহমানকে কিছু টাকা দিতে রওনা হন। পথে ছিনতাইকারীরা তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত হান্নানকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে, পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।

টঙ্গী মডেল থানার এসআই সজীব খান বলেন, নিহত হান্নানের ভগ্নিপতি হাবিবুর রহমান মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. কাদের ওরফে জঙ্গি কাদের (৩৭) ও মো. সুমন মিয়া (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত নাজমার স্বজন ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, প্রায় আট মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামের মাদকাসক্ত রোমান মিয়ার (২২) সঙ্গে ঊর্মি আক্তারের (১৮) বিয়ে হয়। মাস খানেক পর রোমান টাকা ও মোটরসাইকেল চান। যৌতুক না পেয়ে রোমান তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রায়ই মারধর করতেন। প্রায় দেড় মাস আগে ঊর্মি বাবার বাড়ি চলে যান এবং রোমানের কাছে তালাকের নোটিশ পাঠান।

ঊর্মির বাবা আবুল কালাম জানান, শনিবার রাতে রোমান এসে ঊর্মিকে খোঁজ করতে থাকেন। এ সময় তাঁর হাতে একটি ছুরি ছিল। রোমান ঊর্মিকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে তাঁর স্ত্রী নাজমা বাধা দেন। এ সময় নাজমার পেটে ছুরি ঢুকে যায়। গুরুতর আহত নাজমাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে রোমানসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।