টঙ্গী ও শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর-সংঘর্ষ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীর সার্ফ গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন। গতকালও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এর জের ধরে ওই কারখানাসহ টঙ্গীর চারটি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়।
বকেয়া বেতনের দাবিতে শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকার প্যাকেজিং কারখানা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা গতকাল বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর করেছেন।
শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বুধবারের মতো গতকাল সকাল নয়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার সার্ফ গার্মেন্টসের কয়েকজন শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সাড়ে নয়টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পাঁচ শ্রমিক আহত হন। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের অনন্ত ফেব্রিক্স লিমিটেড, হামদিল ফ্যাশন ওয়্যার লিমিটেড ও শিশির নিটিং কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রীপুর থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, গত অক্টোবর মাসের প্রথম দিকে মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১৪৩ জন শ্রমিক পদত্যাগপত্র জমা দেন। কর্তৃপক্ষ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন নভেম্বরের ১২ তারিখে পরিশোধ করার ঘোষণা দেয়। ওই তারিখে শ্রমিকেরা বেতন নিতে এলে তাঁদের ১৬ নভেম্বর এবং পরে ২০ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তিনবার তারিখ দিয়েও গত বুধবার বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
বেতনবঞ্চিত ওই শ্রমিকেরা গতকাল সারা দিন কারখানার সামনে অপেক্ষা করেন। সন্ধ্যা ছয়টায় কর্তৃপক্ষ তাঁদের বেতন দিতে পারবে না বলে জানায়। এ কথা শুনে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মূল ফটক ভেঙে ফেলেন। পরে কারখানায় ঢুকে দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রোকন ইসলাম জানান, পৌনে সাতটার দিকে শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানা ও শিল্প পুলিশের উপস্থিতি দেখে শ্রমিকেরা অবরোধ ফেলে কারখানা এলাকা ত্যাগ করেন। আধা ঘণ্টার মতো সড়কে অবরোধ ছিল।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, মিরাকেল ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজর (অব.) আমিন পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দ্রুত বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।