গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থান খানাখন্দে ভরা। গতকাল রোববার সড়কটি পরিদর্শন করে এসব খানাখন্দ জোড়াতালি দিয়ে মেরামতের দৃশ্য দেখা গেছে।
এলাকাবাসী ও পরিবহন সমিতির কর্মকর্তারা জানান, গাজীপুরের টঙ্গী থেকে কালীগঞ্জ হয়ে সিলেট যাওয়ার সহজ একটি সড়ক হলো টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে। এর ওপর দিয়ে সিলেট, নরসিংদী, পলাশ, ঘোড়াশালসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার যানবাহন চলাচল করে। সড়কটির টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজের আগ পর্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থান ভাঙাচোরা। স্থানগুলো হচ্ছে গাজীপুর সদর উপজেলার মিরের বাজার, কালীগঞ্জ উপজেলার নলছটা ব্রিজের পাশে, দড়িপাড়া বাজার, বান্দাখোলা ও উলুখোলা স্কুলের সামনে। এসব স্থানের সংস্কারকাজ করছে সড়ক ও জনপথের টঙ্গী আঞ্চলিক কার্যালয়। আর তা তদারক করছেন কালীগঞ্জ পরিবহন মালিক সমিতির কর্মকর্তারা।
গতকাল রোববার সকালে ওই সড়কটি ঘুরে দেখা গেছে, টঙ্গীর স্টেশন রোড এলাকায় যানাবহনের বেশ জটলা রয়েছে। স্টেশন রোড এলাকার অবৈধ দোকানপাট উঠিয়ে দেওয়ায় যানজট অনেক কমে গেছে। কিন্তু টঙ্গী থানা রোডের পাশে ওই সড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। ট্রাকস্ট্যান্ডের জন্য সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এরপর শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সড়ক। উড়াল সড়কের ওপর ওঠার পর আর কোথাও কোনো সমস্যা মনে হয়নি। একেবারে ১২ কিলোমিটার সামনে মীরের বাজার। মীরের বাজারে চার রাস্তার মোড় হওয়ায় সেখানে প্রায় যানবাহনের জটলা বেঁধে যাচ্ছে। সেই মোড়ের পশ্চিম পাশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সেগুলো গতকাল সড়ক ও জনপথের কর্মীদের জোড়াতালির কাজ করছে। এরপর সামনে দড়িপাড়া, বান্দাখোলা ও উলুখোলা এলাকায় ভাঙাচোরা রয়েছে। উলুখোলা বিদ্যালয়ের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমনিতেই সেখানে যানজট লেগে থাকে।
দাড়িপাড়া এলাকায় ব্যবসায়ী অনিল রোজারিও প্রথম আলোকে বলেন, গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে না। যার কারণে সড়কটি একটু ভালো মনে হচ্ছে। তবে টানা দুই-তিন দিন বৃষ্টি হলে সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যাবে।