টঙ্গী-ঘোড়াশাল সড়কে গাড়ির তীব্র চাপ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় টঙ্গী-ঘোড়াশাল রোডে গাড়ির চাপ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ময়মনসিংহ ও আশপাশের ছয়টি জেলার যাত্রীরা ভৈরব, কিশোরগঞ্জ হয়ে ঘুরপথে যাতায়াত করছে। এতে যাত্রীদের খরচ ও সময় দুই-ই বেড়ে গেছে। অতিরিক্ত যানবাহন চলাচল করায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের বেশ কিছু স্থানে খানাখন্দ বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার সারা দিনই এ সড়কে যানজট লেগে থাকে। বিশেষ করে টঙ্গীর শিলমুন, মাজুখান, সদর উপজেলার মীরের বাজার, কালীগঞ্জের নলছাটা, দড়িপাড়া ও মঠবাড়ী এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। টঙ্গী-ঘোড়াশাল সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কিন্তু কিছুই করতে পারছি না। হাত-পা গুটিয়ে বসে আছি। সওজের নিজস্ব তহবিল থেকে যৎসামান্য বরাদ্দ পেয়ে কিছু জায়গায় ইট-সুরকি ফেলা হয়েছে। প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। ওপর থেকে আমাদের আশ্বস্ত করা হচ্ছে ঈদের আগে সড়ক সংস্কার করা হবে।’টঙ্গীর শিলমুন এলাকার পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম বলেন, সড়কের দুই পাশের বাড়িঘর উঁচু করে তৈরি করায় এখানে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। এখানে পানি সরার ব্যবস্থা নেই। ডুবে থাকা সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, বাসমালিক ও শ্রমিক নেতারা গতকাল রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।