টঙ্গী থেকে অপহূত কলেজছাত্রী উদ্ধার
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের অপহূত ছাত্রী উদ্ধার হয়েছে। অপহরণের এক দিন পর গত সোমবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ থেকে পুলিশ তাকে উদ্ধার করে।ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলখিয়া গ্রামের মো. রাশেদ (২৫) ও রাজশাহীর চারঘাট থানাধীন ডাকরা গ্রামের রাজু (২২)। তাঁরা টঙ্গীর পাঠানপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন।পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, গত রোববার সকালে দুই বান্ধবী রিকশাযোগে কলেজে যাচ্ছিল। পথে মাছিমপুর এলাকায় তাদের রিকশার গতিরোধ করেন ওই দুই যুবক। বান্ধবীকে জোর করে রিকশা থেকে নামিয়ে তাঁরা ওই ছাত্রীকে নিয়ে চলে যান। পরে বান্ধবী ঘটনাটি ছাত্রীর পরিবারকে জানায়। বিষয়টি পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে টঙ্গী থানায় জানানো হয়। বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাশেদের চাচার বাড়ি থেকে সোমবার বিকেলে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় রাশেদ ও রাজুকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া ছাত্রীটি জানায়, তাকে অপহরণ করে প্রথমে রাশেদের বোনের বাড়িতে রাখা হয়। এ সময় ঝামেলা করলে হত্যার হুমকি দেওয়া হয়। সোমবার বোনের বাড়ি থেকে চাচার বাড়ি নিয়ে যায়। ওই বাড়ির এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, চক্রটি মেয়েদের অপহরণ করে বিয়ে করে। পরে মেয়ের মা-বাবাকে জিম্মি করে অর্থ আদায় করে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।