টঙ্গী থেকে ছিনতাই হওয়া ট্রাক সোনারগাঁয়ে উদ্ধার
গাজীপুরের টঙ্গী থেকে ছিনতাই হওয়া এক লাখ ডিমভর্তি একটি ট্রাক গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াকান্দি গ্রাম থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, গত রোববার রাতে আশুলিয়া থেকে ডিমভর্তি ট্রাকটি ঢাকার কাপ্তানবাজারে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার উড়ালসড়কের ওপর একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকের গতি রোধ করে একদল ছিনতাইকারী। তারা অস্ত্রের মুখে ট্রাকচালককে মাইক্রোবাসে তুলে রূপগঞ্জের গাউছিয়া নামক স্থানে নামিয়ে দেয়। এদিকে ডিমভর্তি ট্রাকটি সোনারগাঁর সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে নেওয়া হয়। পরে ডিম নামানোর সময় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডিমসহ ট্রাকটি জব্দ করে। এ সময় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ছিনতাই হওয়া ডিমগুলোর মালিক ঢাকার ব্যবসায়ী নুরুল ইসলাম। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।