টঙ্গী বিএনপির কার্যালয় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন
গাজীপুরের টঙ্গীর কাদেরীয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চবিদ্যালয় ভবনের পাশে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই বিদ্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে।শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পাশে রাজনৈতিক দলের কার্যালয় থাকায় শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সভা সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে তাদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের জমি থেকে বিএনপির কার্যালয় সরিয়ে নেওয়ার দাবি জানায় তারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ২০০৯ সালে স্থানীয় বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার ব্যক্তিগতভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ বছরের জন্য ওই জমির ওপর নির্মিত টিনশেড ঘর ভাড়া নেন। পরবর্তী সময়ে তিনি সেখানে বিএনপির টঙ্গী থানা কার্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে নতুন তিনতলা ভবন নির্মাণের জন্য ৪২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু বিএনপির কার্যালয় না সরানোয় ভবনটি নির্মাণ করা যাচ্ছে না।