টঙ্গী সওজ কার্যালয়ের সীমানা প্রাচীরে ধস
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের গাজীপুরের টঙ্গী উপবিভাগ কার্যালয়ের নির্মাণাধীন প্রায় ১০০ ফুট সীমানাপ্রাচীর গত বৃহস্পতিবার ধসে পড়ে। মাটি ভরাট না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ওই ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
টঙ্গী সওজের কর্মকর্তারা জানান, কার্যালয়ের চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ ও মাটি ভরাট বাবদ ২৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয় এক বছর আগে। কাজটি পায় করিম অ্যান্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাটি ভরাটের পর আরসিসি পিলারের ওপর প্রাচীর নির্মাণের কথা। কিন্তু ঠিকাদার মাটি ভরাট না করে দুর্বল ভিত্তির ওপর প্রাচীর নির্মাণ করেন। এ কারণে গত বৃহস্পতিবার প্রাচীরটি ধসে পাশের দুটি বস্তিঘরের ওপর পড়ে। এতে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
টঙ্গী সওজের উপবিভাগীয় প্রকৌশলী এস এম কামরুজ্জামান বলেন, এখন ওই ঠিকাদারকেই প্রাচীরটি পুনরায় নতুন করে নির্মাণ করতে হবে। এ জন্য তাঁকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
এ ব্যাপারে করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাব্বিরের বক্তব্য পাওয়া যায়নি।