টঙ্গী সরকারি হাসপাতালে পানি নেই চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার থেকে পানি নেই। বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিতে হাসপাতালের পানির পাম্প বিকল হয়ে পড়ার পর এই অবস্থার সৃষ্টি হয়। পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মচারীরা।

হাসপাতালে ভর্তি বোর্ডবাজার এলাকার জাহাঙ্গীর আলম, মরকুন এলাকার জাহানারা বেগমসহ কয়েকজন রোগী জানান, চার দিন ধরে হাসপাতালের কোনো কলে পানি নেই। বাইরে থেকে পানি কিনে কোনোমতে কাজ চালাচ্ছেন।

গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, হাসপাতালের কোনো শৌচাগার ও খাওয়ার পানির সরবরাহ কলে পানি নেই। পানি নেই হাসপাতাল প্রাঙ্গণে থাকা চিকিৎসক ও কর্মীদের বাসভবনেও। পানি না থাকায় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে হাসপাতালের সেবিকাদের বাগিবতণ্ডা হতে দেখা গেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইসমাইল হোসেন সিরাজী গতকাল প্রথম আলোকে বলেন, ‘পানির পাম্প বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু পাম্প মেরামত করার বিষয়টি নির্ভর করছে অর্থ বরাদ্দ পাওয়ার ওপর।’

আরএমও জানান, ‘হাসপাতালে আগে থেকেই একটি পানির লাইনের সংযোগ নেওয়া ছিল। ওই সংযোগটি চালু করার জন্য চার দিন আগেই গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আজ সোমবার পানি সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।’

সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের পানি সরবরাহের তত্ত্বাবধায়ক মো. আনিসুর রহমান বলেন, সরকারি ছুটির দিন থাকায় হাসপাতালে পানির লাইনের সংযোগ দেওয়া সম্ভব হয়নি। সোমবার পানি সরবরাহ করা হবে।