টঙ্গী হাসপাতালে দুর্ভোগে রোগীরা
‘পায়ের আঙুলে টিউমার হইছে। ১১ দিন হইছে এই হাসপাতালে ভর্তি হইছি। বিছানার চাদ্দরডা এহন পর্যন্ত বদলাইয়া দেয় নাই। সেবিকারা ব্যথার লাইগা একটা ওষুধ দিছে। পায়ের জন্য একটা কইরা ইনজেকশন লাগে। হেইডা আমার পোলাই বাইরে থাইক্যা কিনা আনে।’ক্ষোভ নিয়ে এসব কথা জানালেন গাজীপুরের মীরের বাজার এলাকার রিকশাচালক সুরুজ মিয়া (৫৫)। সাংবাদিক জানতে পেরে অনেক রোগী ও তাঁদের স্বজনেরা নানা অভিযোগ করেন। গাজীপুরের টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রোগীদের যেমন রয়েছে নানা অভিযোগ, তেমনি রয়েছে নানা অনিয়ম। হাসপাতালের চিকিৎসক আর সেবিকাদের অনিয়মের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।গত রোববার টঙ্গী হাসপাতালে গিয়ে দেখা গেছে, দুপুরের পর থেকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ছাড়া আর কোনো চিকিৎসক হাসপাতালে নেই। বয় ও সেবিকারা তাঁদের রুমে বসে আড্ডা দিচ্ছেন। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের বারান্দায় ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে ভাত। ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা রয়েছে সাতটি। তার মধ্যে দুটি বিকল। অন্যগুলোর অবস্থাও যায় যায়। অনেক বাতি থাকলেও জ্বলে মাত্র তিনটি। পুরো ওয়ার্ডটি দেখে মনে হয়েছে, তিন-চার দিন ধরে পরিষ্কার করা হয় না। এ কারণে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, রোগীরাও অতিষ্ঠ। নারীদের ওয়ার্ডেও একই অবস্থা। বৈদ্যুতিক পাখা রয়েছে পাঁচটি, এর একটি বিকল, অন্যগুলো কোনোরকমে চলছে। রোগীদের ডাস্টবিন পরিষ্কার না করায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের নিজস্ব জেনারেটর থাকলেও বৈদ্যুতিক মিস্ত্রির অভাবে তিন বছর ধরে পড়ে আছে। বিদ্যুৎ চলে গেলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অপারেশন চলে আইপিএস দিয়ে। নারী ওয়ার্ডের বারান্দায় পাঁচ-ছয় মাস ধরে রংপুরের হাসিনা ও ময়মনসিংহের খাদিজা ভর্তি রয়েছেন। তাঁরা বলেন, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। জানা গেছে, শ্বাসকষ্টের রোগের কথা বলে তাঁরা হাসপাতালে ভর্তি হয়ে থাকা-খাওয়ার সুবিধা পাচ্ছেন। শারীরিক প্রতিবন্ধী হাসিনা বলেন, ‘বাইরে কোথাও যাওয়ার জায়গা নাই। তাই হাসপাতালে শ্বাসকষ্টের কথা বলে ভর্তি হইছি।’হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ছয় মাসে হাসপাতালে রোগীদের জন্য প্রায় ৩০ লাখ টাকার ওষুধ আনা হয়েছে। তাই ওষুধের কোনো সমস্যা নেই। প্রয়োজনমতো চিকিৎসক রয়েছেন ১৮ জন, বয় ও সেবিকা রয়েছেন ৩৮ জন। কিন্তু নিরাপত্তাকর্মী নেই, ঝাড়ুদার প্রয়োজন ১২ জন, রয়েছেন তিনজন। তিন বছর ধরে পড়ে আছে জেনারেটর। তাই বিদ্যুৎ চলে গেলে রোগীদের মুঠোফোনের লাইট আর মোমবাতিই ভরসা।টঙ্গীর পাগার এলাকার রোগী আমিনুল ইসলাম বলেন, ‘ভর্তি হওয়ার একদিন পর বিছানার চাদর পরিবর্তন করে দিতে বললে দেয়নি। তাই বাড়ি থেকে চাদর নিয়ে এসেছি। ওপরের ফ্যানটা খারাপ। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন থাকলেও বাইরে থেকে কিনে আনতে হয়েছে।’সেবিকাদের ইনচার্জ রোকসানা পারভীন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বেডশিট পরিবর্তন করতে না বললে কেন পরিবর্তন করব? টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী প্রথম আলোকে বলেন, একাধিক বার ফ্যানগুলো মেরামত করতে বলা হলেও বৈদ্যুতিক মিস্ত্রি তা করেননি। রুমে জেনারেটর স্থাপন করা হলেও বৈদ্যুতিক মিস্ত্রির অভাবে সেটার সংযোগ করানো যাচ্ছে না। আলমারিতে অনেক বেডশিট রয়েছে। কিন্তু সেবিকারা অলসতার কারণে সেগুলো পরিবর্তন করছেন না। তাঁদের কাছে জবাব চাওয়া হবে। ওয়ার্ডগুলো অপরিষ্কার থাকার ব্যাপারে তিনি ঝাড়ুদার কম থাকাকে দায়ী করেন।