টঙ্গীতে অগ্নিকাণ্ডে ঝুটের ৪০টি গুদাম ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় গত রোববার দিবাগত রাতে আগুন লেগে দুটি মার্কেটের ঝুটের ৪০টি গুদাম ভসঞ্চীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল, রুবেল, খোরশেদসহ কয়েকজন জানান, তাঁদের গুদামঘরের পূর্ব পাশেই মার্কেটের মালিক শরীয়ত উল্লাহর গোয়ালঘর। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও শরীয়ত উল্লাহ ওই গোয়ালে খড় দিয়ে আগুন জ্বালাতেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গোয়ালঘর থেকে আগুন লাগে। এতে দুটি গরু পুড়ে মারা গেছে এবং একটি দগ্ধ হয়েছে। সেখান থেকে আগুন লেগে ওই মার্কেটের ১২টি গুদাম পুড়ে যায়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও পানিস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। ততক্ষণে আগুন পশ্চিম দিকের ইয়ং স্টার সমিতি মার্কেটে ছড়িয়ে পড়ে। এ মার্কেটের ২৮টি গুদাম পুড়ে গেছে।
পুড়ে যাওয়া গুদামের মধ্যে আবুল কালাম আজাদের পাঁচটি; জামাল, রুবেল ও মো. ইব্রাহীমের চারটি করে, আফাজের তিনটি; শাহজাহান আলীর ও রাজু ব্যাপারীর দুটি করে এবং লিটন, বাদশা হারুন, জাহাঙ্গীর, সুমন, মান্নান, মনির, খোরশেদের একটি করে গুদাম রয়েছে।
গুদামের মালিক জামাল বলেন, ‘আমাগো মার্কেটে আগুন থাকতে নিভালে এতগুলি গুদাম পুড়তো না। ফায়ার সার্ভিস আসতে দেরি করছে। তা ছাড়া পানিও ছিল না।’
অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান প্রথম আলোকে বলেন, আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।