টঙ্গীতে অজ্ঞান পার্টির কবলে পোশাকশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল মঙ্গলবার সকালে নয়ন মিয়া (৩০) নামের এক পোশাকশ্রমিক অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন।

পোশাকশ্রমিকের ছোট ভাই মামুন জানান, সকাল সাড়ে নয়টায় নয়ন মিয়া গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার উদ্দেশে বিমানবন্দর রেলস্টেশনে আসেন। কিন্তু ট্রেনটি ছেড়ে দেওয়ায় তিনি পরবর্তী ট্রেনের জন্য স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি তিনি কোথায় যাবেন জানতে চান। নওগাঁয় যাবেন জানতে পেরে ওই ব্যক্তিরাও সেখানে যাচ্ছেন বলে জানান। তারপর সবাই মিলে টঙ্গী রেলস্টেশন থেকে লোকাল ট্রেনে যাওয়ার প্রস্তাব দেন। পরে টঙ্গীর স্টেশন রোড বাসস্ট্যান্ড এলাকায় সবাই মিলে নাশতা খান। এরপর পোশাকশ্রমিক আর কিছু বলতে পারেন না।

পরে পুবাইলের মাজুখান এলাকা থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করান। তাঁর সঙ্গে থাকা ১৭ হাজার টাকা ও মুঠোফোন লুট করে নিয়েছে দুষ্কৃতকারীরা। উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাঁকে গতকাল সন্ধ্যায় ঢাকায় নিয়ে গেছেন।