টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টঙ্গী নতুনবাজার এলাকায় থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল রাত পৌনে নয়টার দিকে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আবার উড়ালসেতুর ওপর থেকে আরও দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। পর পর তিনটি ককটেল বিস্ফোরণের কারণে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় কার্যালয়ের সামনে চেয়ার পেতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা কথা বলছিলেন।
বিস্ফোরণে থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বজলুর রহমান (৬০), থানা মহিলা লীগের সভানেত্রী ফেরদৌসী বেগমসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তারা নাশকতা শুরু করেছে। তবে থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের দলীয় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। টঙ্গী মডেল থানার ওসি এ কে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।