টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ১৫ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে বসে কাঁদছেন এক নারী। ছবিটি আজ ফকির মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: মোহাম্মাদ আলম, টঙ্গী
টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে বসে কাঁদছেন এক নারী। ছবিটি আজ ফকির মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: মোহাম্মাদ আলম, টঙ্গী

টঙ্গীর ফকির মার্কেট এলাকায় আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ১৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। এসব ঘরে বাস করা পরিবারের মালামাল ও আসবাব পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্য টঙ্গীর বিসিক এলাকার একটি কারখানার শ্রমিক।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোর ছয়টার দিকে স্থানীয় বকুলের বাড়িতে তিতাস গ্যাসের রাইজার থেকে অগুনের সূত্রপাত হয়। নিমেষে আগুন ছড়িয়ে বকুলের প্রতিবেশী গোলাম রব্বানী ও শাহ নুরুল্লাহর বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বকুলের বাড়ির একটি, গোলাম রব্বানীর বাড়ির ১০টি ও শাহ নুরুল্লাহর বাড়ির চারটি ঘরের মালামাল ও আসবাব পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’ গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
তিতাস গ্যাসের টঙ্গী বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ আহাদ বলেন, রাইজার থেকে কী কারণে আগুন ছড়িয়ে পড়ে, তদন্ত করে বলা যাবে। ইতিমধ্যে তাঁদের একটি দল ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।