টঙ্গীতে আগুনের কারণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড নামের রাসায়নিক কারখানায় আগুনের কারণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। শিল্প মন্ত্রণালয় বলছে, গ্যাস কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত। আর ফায়ার সার্ভিস বলছে, বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক মো. শরাফত আলী সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, কারখানার দুজন বয়লার অপারেটর বলেছেন, ভোর চারটায় তাঁরা বয়লার দুটি বন্ধ করেছেন। আমিও বয়লার কক্ষটির কাছাকাছি গিয়েছি। সেটি অক্ষত আছে। কারখানায় একটি গ্যাস কন্ট্রোল রুম রয়েছে। যত দূর শুনলাম সেখান থেকেই আগুন লেগেছে। বয়লারের অপারেটরা বলেছে, গ্যাস কন্ট্রোল রুমের কাছে মাঝেই মাঝেই গ্যাসের গন্ধ পাওয়া যেত।
অন্যদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন সন্ধ্যা সাতটার দিকে ব্রিফিং করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় কিসের ভিত্তিতে বলেছে সেটা নিয়ে বিতর্কে যাব না। তবে প্রথম যে বিস্ফোরণটি ছিল সেটি অত্যন্ত শক্তিশালী ছিল। সেটি বয়লার থেকেই হয়েছে বলে আমরা মনে করছি। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। কারখানায় যেসব কেমিক্যাল ছিল সবই বিস্ফোরণ-সহায়ক ছিল। তাই আগুন ছড়িয়ে পড়েছে। আগুন আর ছড়িয়ে পড়বে না বলে আমরা আশা করছি। এখন কমিয়ে আনতে যতটা সময় লাগে।
মোশাররফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে মালিক বা ম্যানেজার কাউকে পাইনি। যারা আমাদের বলবে কোথায় কী আছে।
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এখনো পাঁচতলা ওই কারখানা ভবনের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এ দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে দেবে সরকার।