টঙ্গীতে আগ্নেয়াস্ত্র বিক্রির সময় তিনজন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র বিক্রির সময় ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গীর মো. মামুন (২৯), ঢাকার খিলক্ষেতের কামরুজ্জামান (২৭) ও মো. সুমন (৩০)।
এজাহারের বিবরণ উল্লেখ করে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন আহমেদ জানান, কামরুজ্জামান ও সুমন অস্ত্র বিক্রেতা মামুনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল কিনতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুরে এসেছিলেন। খবর পেয়ে র্যাব-১-এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। এ সময় মামুনের শরীরে তল্লাশি করে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।