টঙ্গীতে আজও শ্রমিক অসন্তোষ
টঙ্গীর পাগাড় এলাকায় আজ রোববার বিকেলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেতন বাড়ানোর দাবিতে পাগাড় এলাকায় তিনটি পোশাক কারখানায় আজ রোববার দুপুরের পর শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবের জুবায়ের ফেব্রিকস, হামিদ টেক্সটাইল ও অনন্ত ফেব্রিকসের কয়েক হাজার শ্রমিক আজ দুপুরের খাবার শেষে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শিশির টেক্সটাইলের শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। কারখানার সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ এসে বাধা দেয়। বেলা তিনটার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। বিকেল চারটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদও আহত হয়েছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা জবাব দেয়। সংঘর্ষে পুলিশ-শ্রমিকসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন।