টঙ্গীতে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে গত রোববার রাতে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি পিকআপ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার আব্বাস, রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম, ঢাকার আমজাদ, পিকআপ চালক আবদুর রহমান, ভোলার আল আমিন ও আমিন সিকদার, বরিশালের রুস্তম, কুমিল্লার বায়েজিদ ও চট্টগ্রামের ইদ্রিস। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি পিকআপ থেকে ১০ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহূত ছুরি, দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বিভিন্ন স্থানে ডাকাতি করার কথা স্বীকার করেন। এ সময় ডাকাত দলের সদস্য আল আমিন জানান, পিকআপ নিয়ে তাঁরা রাতের বেলা মহাসড়কের পাশের বিভিন্ন দোকানের শাটার কেটে ডাকাতি করেন। দুই দিন আগে তাঁরা ময়মনসিংহের ভালুকার একটি দোকান থেকে ২৫টি ব্যাটারি চুরি করেন। পরে তা বিক্রি করে তাঁদের প্রত্যেকে দুই হাজার টাকা করে পান। তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। ডাকাতির উদ্দেশ্যে গভীর রাতে একসঙ্গে বের হন।