টঙ্গীতে আবাসন ব্যবসায়ীকে গুলি করে হত্যা
গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসীরা গুলি করে হযরত আলী (৫০) নামের এক আবাসন ব্যবসায়ী হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন তাঁর ব্যক্তিগত গাড়ির চালক আরিফুর রহমান (২৫)। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।হযরত আলীর বাড়ি টঙ্গীর দত্তপাড়া এলাকায়। তিনি জমি কেনাবেচা এবং প্লট তৈরি করে বিক্রির ব্যবসা করতেন। এ-সংক্রান্ত বিরোধে তিনি খুন হতে পারেন বলে তাঁর পরিবার ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় হযরত আলীর বড় ছেলে মঞ্জুর মোল্লা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হযরত আলী তাঁর ব্যক্তিগত গাড়িতে করে ভগ্নিপতি দুলাল হোসেন ও চালক আরিফুরকে নিয়ে সকাল নয়টার দিকে রাজধানীর গুলশানের উদ্দেশে বাসা থেকে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট থাকায় গাড়ি ভেতরের সড়ক ধরে টঙ্গী বাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে তাঁদের গাড়ি ন্যাশনাল টিউবস সড়কে পৌঁছামাত্র পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চার সন্ত্রাসী গাড়ির খুব কাছে এসে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। এতে হযরত আলীর কোমরে দুটি ও ডান কাঁধে একটি এবং চালক আরিফুরের হাতে একটি গুলি লাগে। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা হযরত আলীকে মৃত ঘোষণা করেন। পরে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুপুরে গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে হযরত আলীর লাশ টঙ্গীর দত্তপাড়ার বাড়িতে নেওয়া হলে সেখানে হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত হযরত আলীর স্ত্রী, তিন ছেলে, স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, ধারণা করা হচ্ছে, খুনিরা হযরত আলীকে তাঁর বাসার কাছ থেকে অনুসরণ করছিল। টিউবস কারখানা সড়ক অপেক্ষাকৃত নির্জন হওয়ায় হামলার জন্য খুনিরা এ পথ বেছে নেয়। হযরত আলী কাদের সঙ্গে ওঠাবসা ও ব্যবসা করতেন, তা খতিয়ে দেখা হচ্ছে।