টঙ্গীতে আরও দুটি পলিথিন কারখানা উচ্ছেদ, জরিমানা
গাজীপুরের টঙ্গী এলাকায় গত মঙ্গলবার আরও দুটি অবৈধ পলিথিনের কারখানা উচ্ছেদ করা হয়েছে। কারখানা দুটি থেকে চার মেট্রিক টন যন্ত্রপাতি জব্দ এবং আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টঙ্গীতে কে কে এন্টারপ্রাইজ ও কাউছার এন্টারপ্রাইজ নামের দুটি পলিথিন তৈরির কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। তারা প্রতিষ্ঠান দুটির চার মেট্রিক টন যন্ত্রপাতি কেটে স্ক্র্যাপ করে পরিবেশ অধিদপ্তরে নিয়ে আসে। এ সময় দুটি কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, উপপরিচালক নূর আলম, ডেসকো ও পুলিশের সমন্বয়ে একটি দল গঠন করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনে জড়িত থাকার অপরাধে গতকাল বুধবার ব্যবসায়ী মো. হোসেন, নূর নবী চৌধুরী ও রোকনকে আড়াই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মুনীর চৌধুরী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।