টঙ্গীতে উধাও হওয়া ট্রাকের মালামাল কানসাটে উদ্ধার
গাজীপুরের টঙ্গী থেকে উধাও হওয়া পণ্যবোঝাই ট্রাকের মালামাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই পণ্য কেনার অভিযোগে বাবুল (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় ৯ ফেব্রুয়ারি টঙ্গী মডেল থানায় মামলা হয়। মামলার এজাহার অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় টঙ্গীর চেরাগ আলীতে ইউনিলিভার গ্রুপের ডিপো থেকে প্রায় ৩০ লাখ টাকার হুইল পাউডার, সার্ফ এক্সেল নিয়ে বগুড়া ডিপোর উদ্দেশে ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-০৯৪৬) নিয়ে রওনা হন চালক মো. জাহাঙ্গীর আলম। কিন্তু তিনি ট্রাকসহ উধাও হয়ে যান।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ট্রাকে ৫৬০ বস্তা হুইল পাউডার ছিল। প্রতি বস্তা হুইল পাউডারের দাম দুই হাজার ২০০ টাকা হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের বাবুল তা মাত্র ৬০০ টাকা বস্তা করে কেনেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে ২৮৮ বস্তা হুইল পাউডারসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে টঙ্গী থানায় আনা হয়।ইউনিলিভারের চেরাগ আলী গুদামের বিতরণ কর্মকর্তা আবুল মনসুর বলেন, ট্রাকটি পাকশী ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়া করা হয়। কিন্তু পণ্যসহ ট্রাক উধাও হওয়ার পর এজেন্সি জানায়, ট্রাকের নম্বর ও চালকের নাম ঠিকানা ভুল ছিল।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘একটি প্রতারক চক্র এভাবে ট্রাক নম্বর ও চালকের নাম ঠিকানা ভুল ব্যবহার করে পণ্য ছিনতাই করে। বাকি পণ্য ও উদ্ধারের চেষ্টা চলছে।তবে পাকশী ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক ফাহাদ চৌধুরী বলেন, তাঁরা প্রতারক চক্রের শিকার হয়েছেন।