টঙ্গীতে এক বছরে সাড়ে চার কোটি টাকা চক্রের পকেটে
টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বৈধ করার কথা বলে একটি চক্র প্রায় এক বছরে কমপক্ষে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তিতাস গ্যাসের কথিত কয়েকজন ঠিকাদার, টঙ্গী জোনের অসাধু কয়েকজন কর্মকর্তা ও দালালদের সমন্বয়ে গড়ে উঠেছে এই চক্র। তারা প্রত্যেক সংযোগের জন্য (একটি রাইজার) প্রায় আট শ আবাসিক গ্রাহকের কাছ থেকে কমপক্ষে ৫৫ হাজার টাকা করে নিয়েছে।
টঙ্গীর ১৫টি ওয়ার্ডের মধ্যে ৪৭, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডে অন্তত ১০ জন গ্রাহক এবং তিতাস গ্যাস কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
তিতাস গ্যাস টঙ্গী বিপণন জোন সূত্র জানায়, টঙ্গীতে প্রায় আট শ অবৈধ আবাসিক সংযোগ বৈধ করার জন্য আবেদন জমা পড়েছে। ভুক্তভোগীদের মাধ্যমে বৈধ সংযোগের আবেদন করে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়।
সরকার ২০১৩ সালের ২০ জুন পর্যন্ত অবৈধ সংযোগ বৈধতা দানের ঘোষণা দেয়। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, নির্ধারিত এই সময় শেষ হলে নতুন আর কোনো গ্যাস-সংযোগ দেওয়া হবে না—এমন খবর প্রচার করে তিতাস গ্যাসের কতিপয় কর্মকর্তা, ঠিকাদার ও দালাল চক্র।
টঙ্গীর আউচপাড়ার মোক্তার বাড়ি রোডের ৮২ নম্বর বাড়ির মালিক স্বপন দে। গত বছরের জুলাই মাসে তাঁর চারতলা বাড়ির জন্য একটি অবৈধ গ্যাস-সংযোগ নিয়েছেন। তিনি বলেন, ‘আমি নতুন করে ১২টি চুলা জ্বালানোর জন্য গ্যাস-সংযোগ নিচ্ছি। এ জন্য তিতাস গ্যাস অফিসের উন্নয়নকারী আবদুর রহিমকে দুই লাখ টাকা দিতে হয়। রহিম জানান, পরে সিস্টেমের মাধ্যমে বৈধ করে দেবেন। এভাবে এই এলাকার অনেকেই রহিমের মাধ্যমে গ্যাসের লাইন নিয়েছেন।’
রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, ‘সংযোগ দেয় ঠিকাদার। আমি কিছু জানি না।’
কয়েকজন গ্রাহক জানান, স্থানীয় পাইপ ব্যবসায়ী জাফর আহমেদের মধ্যস্থতায় তাঁরা সংযোগ নিয়েছেন। প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের লাইন এখনো বৈধ করা হয়নি।
সংযোগ প্রদানকারী কথিত ঠিকাদার জাফর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তিতাস গ্যাসে আমার কোনো ঠিকাদারি লাইসেন্স নাই। আমি টঙ্গী তিতাস গ্যাস কার্যালয়ের বিক্রয় সহকারী খোরশেদ আলম পাটোয়ারির সহযোগিতায় কাজ করি।’
তিলারগাতী উত্তর পাড়ার মোস্তফার দোতলা বাড়ির (হোল্ডিং নম্বর ৫২) সীমানাদেয়ালের বাইরে তিনটি রাইজার। তিনি নিজে অবৈধ সংযোগ নিয়েছেন। একই সঙ্গে এলাকার শতাধিক মানুষকে অবৈধ সংযোগ নিতে সহযোগিতা করেছেন। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু করি নাই। ঠিকাদার জহিরের মাধ্যমে লাইনের কাজ করে দিয়েছি।’
তিতাসের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. সহিরুল ইসলাম খান বলেন, তিনি আসার পর ইতিমধ্যেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। নতুন করে অবৈধ সংযোগ যাতে না হয়, এ ব্যাপারে ঠিকাদারদের সতর্ক করা হয়েছে।