টঙ্গীতে এক মাসে চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গত ফেব্রুয়ারি মাসে চারজন খুন হয়েছেন। এর মধ্যে দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুটি মামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এদিকে টঙ্গীতে হঠাৎ করে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া এলাকায় গত ৭ ফেব্রুয়ারি রাতে মো. ইসরাফিল (২৮) নামে একজন ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এরশাদনগর এলাকা থেকে মাসুদ নামের অপর একজন ঝুট ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এর এক দিন পর ৮ ফেব্রুয়ারি রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আকতার হোসেন (৩০) নামের এক কারখানাশ্রমিককে মিরাশপাড়া পানির ট্যাংকি মোড় এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা। আকতারের বাড়ি মাদারীপুরের শিবচরের ঢালীকান্দি গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরাশপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী আমান ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে হিমারদীঘি এলাকায় মো. মিজান (৩২) নামের আরও একজন ঝুট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার মোতালেব মিয়ার ছেলে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি পাগার এলাকায় আনোয়ার হোসেন (২৫) নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আনোয়ার ওই এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে। এ দুটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নুরুল ইসলামসহ এলাকার একাধিক বাসিন্দা জানান, টঙ্গীতে এখন প্রায়ই ছিনতাইকারী ও সন্ত্রাসীদের হামলায় মানুষ খুন হচ্ছে। সবার মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। ফেব্রুয়ারিতে খুনের এই চারটি ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাগুলো ঘটেছে শত্রুতার জের ধরে। এর মধ্যে একটি খুন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হয়েছে। এসব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।