টঙ্গীতে এক রাতে চার বাড়িতে ডাকাতি
গাজীপুরের টঙ্গী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড মুদাফার চারটি বাড়িতে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় মহিলা, শিশুসহ ১০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, গৃহকর্তা ফারুক আহমেদ ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন, শিশুকন্যা ফারিয়া ও মারিয়া, গৃহকর্তা বদরুল আলম পাশা ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার এবং তাঁদের শিশুকন্যা নুসরাত আলম ইশা।পুুলিশ ও এলাকাবাসী জানান, সশস্ত্র ডাকাতেরা দুই দলে বিভক্ত হয়ে রাত দুইটায় মুদাফা এলাকার সাইদুল আলমের বাড়ি, স্থানীয় সৈয়দ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ও তাঁর ভাই বদরুল আলমের বাড়িতে হানা দেয়। পরে তারা এক কিলোমিটার দূরে স্থানীয় তিলারগাতী এলাকার ইদ্রিস আলীর বাড়িতে ডাকাতি করে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।