টঙ্গীতে একজনের বাড়িতে ডাকাতি প্রতিবেশীকে গুলি
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি বাড়িতে গতকাল শনিবার ভোরে ডাকাতির ঘটনা ঘটছে। বাড়ির মালিক মো. রফিকুল ইসলাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি কারখানার উৎপাদন সুপারভাইজার। যাওয়ার সময় ডাকাতেরা রফিকুলের কাছের আরেক বাড়ির রিপন সরকার নামের একজনকে গুলি করে।
রফিকুল ইসলাম ও তাঁর প্রতিবেশীরা জানান, গতকাল ভোরের দিকে ১০-১৫ জনের মুখোশ পরা একটি ডাকাত দল তাঁর (রফিকুল) বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তিনি, তাঁর স্ত্রী ও মা ডাকাত বলে চিৎকার দেন। এতে ডাকাতেরা ক্ষুব্ধ হয়ে পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পরে তাঁদের প্রত্যেকের হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কাপড় গুঁজে দেয়। এ সময় বাড়ির তিনটি কক্ষ, স্টিলের আলমারি তছনছ করা হয়। তাঁর স্ত্রী ও মায়ের গলা ও হাতের স্বর্ণালংকারসহ আলমারিতে রক্ষিত অন্যান্য স্বর্ণালংকার, নগদ অর্থ ও তিনটি মুঠোফোন লুট করা হয়। তবে প্রতিবেশীর কেউ ভয়ে এগিয়ে আসার সাহস পায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রিপন সরকারের বাবা জয়নাল আবেদীন জানান, ডাকাতির কথা শুনে রিপন তাঁর বাড়ি থেকে বের হচ্ছিলেন। তবে ডাকাতেরা বাড়ির মূল ফটক থেকে রিপনকে লক্ষ্য করে গুলি করতে করতে ভেতরে ঢুকে পড়ে। তারা পর পর পাঁচটি গুলি করে। রিপন দৌড়ে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করে। এ সময় একটি গুলি তাঁর পেটে লাগে। বাড়ির মেঝেতে তিনটি গুলির খোসা পাওয়া যায়। রিপনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রিপন বিএনপি তাঁতি দলের গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
জয়নালের দাবি, হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁর ছেলেকে গুলি করে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রিপন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
টঙ্গী থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, রিপনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকায় তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।