টঙ্গীতে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকার মীমরা নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা গত রোববার রাতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কারখানার গ্লাস ভাঙচুর করেন।
শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই শ শ্রমিকের গত দুই মাসের বেতন বকেয়া রেখে ‘দিই দিচ্ছি’ বলে টালবাহানা করছে। তাঁরা বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শ্রমিকেরা রোববার রাত আটটার দিকে কারখানা থেকে বেরিয়ে টঙ্গী-কালীগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় কারখানার সুইং সুপারভাইজার দুজন শ্রমিককে মারধর করলে তাঁরা ইট নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে টঙ্গী মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।
মীমরা নিটওয়্যার লিমিটেডের হিসাবরক্ষক নুরুল ইসলাম বলেন, দুই ভাই ও তাঁদের অংশীদারদের মধ্যে মতবিরোধ থাকায় শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করা হয়নি। বুধবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেওয়া হবে।