টঙ্গীতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ আহত ৩
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হিমারদীঘি এলাকায় একটি বাড়িতে গতকাল বুধবার বিকেলে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া রিনা বেগম (২৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. শহিদ হোসেনের স্ত্রী। পুলিশ তাঁদের এক মেয়েকেও (১২) আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদ হোসেন স্ত্রী ও মেয়েকে নিয়ে ১ ডিসেম্বর দত্তপাড়ার হিমারদীঘি এলাকার প্রবাসী মো. ইব্রাহিমের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাটে ওঠেন। গতকাল বিকেল চারটার দিকে শহিদ ও তাঁর দুই সহযোগী ফ্ল্যাটে বসে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাত্ করে একটি ককটেল ঘরের মেঝেতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শহিদ, তাঁর সহযোগী বাবুল শরীফ (৩৫) ও মো. অলি (৩৪) আহত হন।
এদিকে ককটেলের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ামাত্র বাবুল ও অলি আহতাবস্থায় পালিয়ে যান। পুলিশ ওই ফ্ল্যাট থেকে চারটি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও পিস্তলের তিনটি গুলি উদ্ধার করে। পরে শহিদকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ তাঁর স্ত্রী ও মেয়েকে থানায় নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে শহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রিনা বেগম জানান, হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টির জন্য ককটেলের চাহিদা বেশ। তাই তাঁরা ককটেল তৈরি করে এলাকার ছোটবড় রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে বিক্রি করেন।
টঙ্গী এলাকার ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, হরতাল-অবরোধের সময় টঙ্গীর কোথাও না কোথাও ককটেল বিস্ফোরিত হয়ই। এ জন্য তারা আতঙ্কে ব্যবসা-বানিজ্য করতে পারেন না।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টঙ্গী ও আশপাশের এলাকায় নাশকতা সৃষ্টির জন্য শহিদ ও তাঁর সহযোগীরা ককটেল, গুলি বিক্রি বা নিজেরাই ব্যবহার করতেন।