টঙ্গীতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় আজ বুধবার বিকেলে একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ ওই বাড়ি থেকে একটি তাজা ককটেল, তিনটি গুলি ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী দত্তপাড়ার হিমারদীঘি এলাকায় একটি বাড়ির দোতলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল বানানোর কাজে নিয়োজিত তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. শহিদকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন রক্তাক্ত অবস্থায় পালিয়ে গেছেন। পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। ওই বাসা থেকে একজন নারীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

আশপাশের লোকজন জানান, আজ বিকেলে ওই বাড়ির দোতলায় হঠাত্ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দুজন লোক রক্তাক্ত অবস্থায় ডাকাত ডাকাত বলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই বাসার শহিদ নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহিদের ভাষ্যমতে, তাঁদের বাড়িতে ডাকাত হামলা করেছিল। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির মালিক ইমন ও দোতলার বাসিন্দা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দোতলার ভাড়াটেরা জামায়াতে ইসলামীর কর্মী বলে সন্দেহ করা হচ্ছে। ওই বাড়ি থেকে তাজা ককটেল, তিনটি গুলি ও ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।