টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় দুই ব্যবসায়ী নিহত
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী মিলগেট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা সড়কের পাশে বসে দাবা খেলছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন টঙ্গী মিলগেট এলাকার ভাঙারি ব্যবসায়ী বানু মিয়া (৪৫) ও জুট ব্যবসায়ী নূরে আলম (৫০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, টঙ্গীর মিলগেট তালতলা সোনালী রোডের পাশে বসে বানু মিয়া ও নূরে আলম দাবা খেলছিলেন। এ সময় তাঁদের খেলার স্থানের পাশের ওয়ার্কশপে সারাই করার পর একটি কাভার্ড ভ্যান পেছনে সরতে যায়। কাভার্ড ভ্যানটি পেছনে নিতে গিয়ে তাঁদের দুজনের ওপর তুলে দেন চালক। এতে কাভার্ড ভ্যানের চাপায় তাঁরা দুজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটি রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। টঙ্গী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।